দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) বিকেলে লোহাগড়া পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও গোপিনাথপুর গ্রামের মৃত আব্দুল মান্নান মজুমদারের ছেলে জাহিদুল আলম ঝুনু বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি করেন। মামলার নম্বর ১৭, তারিখ ২২ আগস্ট ২০২৬।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের সদস্য। গত ২১ আগস্ট বেলা ৩টার দিকে তারা লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মশিয়ার জমাদ্দারের বাড়ির অদূরে চাচই-সিডি বাজার সড়কে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—করফা গ্রামের সিরু মুন্সীর ছেলে বাবুল মুন্সী, গিলাতলা গ্রামের কাদের মোল্যার ছেলে রিয়াজুল মেম্বর, কাশিপুর গ্রামের মান্নান খানের ছেলে তরিকুল খান, বয়রা গ্রামের এমদাদ কাজীর ছেলে ওহিদ কাজী, পদ্মবিলা গ্রামের রফিকুল শেখের ছেলে রাহুল শেখ, ঈশানগাতী গ্রামের মান্নাফ শেখের ছেলে ফরিদ মেম্বর, গোপিনাথপুর গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে সদর উদ্দিন শামীম ও তাঁর ভাই সগীর উদ্দিন সনেট, উলা গ্রামের ছাত্তার শেখের ছেলে মশিয়ার রহমান শেখ, বাবরা গ্রামের শাহিদুর রহমানের ছেলে আব্দুল কাদের শেখ, গোপিনাথপুর গ্রামের আজিমউদ্দিন শিকদারের ছেলে বাবু শিকদার, একই গ্রামের বক্কার শেখের ছেলে পলাশ শেখ, লাহুড়িয়া ডহরপাড়ার বাঁশি মোল্যার ছেলে সজীব রাজ, ইতনা গ্রামের ইসমাইল শেখের ছেলে ইসলাম শেখ, একই গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে সুহাস শেখ, ধলইতলা গ্রামের জলিল গাজীর ছেলে ওহিদুল গাজী এবং একই গ্রামের ধলু শেখের ছেলে খায়রুল শেখ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি গোপিনাথপুর গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে ছাত্রলীগ নেতা শেখ সগীর উদ্দিন সনেট (২৮) এবং বাবরা গ্রামের শাহিদুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা আব্দুল কাদের শেখকে (৩১) শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে রোববার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমএস/